সীমান্ত কণ্ঠ ডেস্ক:: সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জনমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
মঙ্গলবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী মিতালি পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় তিনি বলেন, কোনো স্বৈরাচারী শক্তি আর জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না।
বিস্তারিত থাকছে চ্যানেল এইচ প্রতিনিধি এম এ করিম লিলু’র প্রতিবেদনে…
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসা প্রার্থী ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
এসময় জনগণের উদ্দেশ্যে মাওলানা মাদানি বলেন : ‘এ দেশের লুটেরা কিংবা কোনো স্বৈরাচারী শক্তি সাধারণ মানুষের মৌলিক অধিকার আর ছিনিয়ে নিতে পারবে না। জনতা আজ ঐক্যবদ্ধ এবং তারা তাদের হৃত অধিকার পুনরুদ্ধারে সংকল্পবদ্ধ। দেশ আজ ক্রান্তিকাল পার করছে; একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে গণতন্ত্র হরণ। কিন্তু মনে রাখবেন, জুলুম করে কোনো শক্তি ইতিহাসে টিকে থাকতে পারেনি।’
মান্নারগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাওলানা কাজী ওয়াজিহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা দিলোয়ার হোসেন, অ্যাডভোকেট আলম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা মাওলানা শফিক উদ্দিন ও জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে পরিবর্তনের বিকল্প নেই। বক্তৃতায় উঠে আসে সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম নিয়ে নাভিশ্বাসের কথা। আসন্ন নির্বাচনে শান্তি ও অধিকার রক্ষায় জোটবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন উপস্থিত জনতা।
আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ব্যালটের মাধ্যমে পরিবর্তনের রায় দেবে মানুষ—এমনই প্রত্যাশা নেতাকর্মীদের। আর মাওলানা মাদানির এই সফর স্থানীয় রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
মন্তব্য করুন